আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির
বিশ্বকাপের উন্মাদনায় যখন বিভোর কোটি কোটি ফুটবলপ্রেমী, তখন প্রিয় দলকে ঘিরে নিজেদের আবেগ প্রকাশে পিছিয়ে নেই তারকারাও। আর তাদের মধ্যে অন্যতম আর্জেন্টিনার কট্টর সমর্থক ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ের পোস্টগুলোই তার প্রিয় দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার স্পষ্ট প্রমাণ দিচ্ছে। সেই সঙ্গে ভক্তদের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন আর্জেন্টিনা নিয়ে নিজের উচ্ছ্বাস।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের জয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন পরীমণি। ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সিতে সাজিয়ে কয়েকটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’ আর সেই আবেগের ধারাবাহিকতায় এবার নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন একটি ব্যতিক্রমী ভিডিও, যেখানে একেবারে নতুন রূপে ধরা দিয়েছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরে রয়েছেন পরীমণি। জার্সির সামনে লেখা ‘মেসি ১০’ এবং পেছনে ‘PORI’। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা আর্জেন্টিনার ফুটবলারদের নাম নিয়ে তৈরি বিশেষ ট্র্যাকের সঙ্গে তাল মিলিয়ে তিনি অনুকরণ করেন ‘লা স্ক্যালোনেটা’র তারকাদের পরিচিত উদযাপন ও সিগনেচার ভঙ্গি।
ভিডিওর বিভিন্ন মুহূর্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিখ্যাত নাচ, মোলিনার উল্লাস, রোমেরো ও সেনেসির স্বতন্ত্র ভঙ্গির পাশাপাশি ম্যাক অ্যালিস্টার, পারেদেস, এনজো ফের্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও গঞ্জালেজদের উদযাপনও হুবহু ফুটিয়ে তুলতে দেখা যায় তাকে। মাঠের আসল দৃশ্যের সঙ্গে পরীমণির এই অভিনব উপস্থাপনা ভক্তদের কাছে এনে দিয়েছে বাড়তি আনন্দ।
সবশেষে আর্জেন্টিনার জার্সি গায়ে এবং রঙিন ঝলমলে সাজে গ্ল্যামারাস উপস্থিতিতে ধরা দেন অভিনেত্রী। তার এই ভিন্নধর্মী পোস্টটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে আর্জেন্টিনা সমর্থকদের শুভেচ্ছা ও প্রশংসার পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদের মজার মজার খোঁচাও দেখা গেছে। সব মিলিয়ে ফুটবল উন্মাদনার মাঝে পরীমণির এই বিশেষ উদযাপন ভক্তদের জন্য হয়ে উঠেছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু।



























