শুক্রবার ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ১৯ জুন ২০২৬

বিপুল পরিমাণ মাদকসহ অভিনেত্রী গ্রেপ্তার

বিপুল পরিমাণ মাদকসহ অভিনেত্রী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বিনোদন জগতের আলোচিত এক মুখ এবার জড়িয়ে পড়েছেন আন্তর্জাতিক মাদক পাচারের গুরুতর অভিযোগে। ঘানা থেকে অস্ট্রেলিয়ায় শত শত কেজি মেথামফেটামিন পাচারের চেষ্টার ঘটনায় ব্রিটিশ অভিনেত্রী এমা হুসেনকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। বিপুল পরিমাণ এই মাদক আমদানির অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।

বৃহস্পতিবার (১৮ জুন) সিডনির একটি আদালতে ৩৪ বছর বয়সী এমা হুসেনকে হাজির করা হয়। তিনি ব্রিটিশ টিভি সিরিজ ‘ই২০’ এবং হলিউড তারকা জেসন স্ট্যাথামের ২০১৩ সালের অ্যাকশন সিনেমা ‘হামিংবার্ড’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘানা থেকে সিডনি বন্দরে পৌঁছানো দুটি শিপিং কনটেইনার এক্স-রে করার সময় সন্দেহজনক বিষয় নজরে আসে। কনটেইনারগুলোতে কাঠকয়লার বস্তা থাকার কথা থাকলেও সেগুলোর ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল প্রায় ৩২০ কেজি মেথামফেটামিন।

জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা প্রায় ২০৮ মিলিয়ন মার্কিন ডলারের সমান। সীমান্ত কর্তৃপক্ষ মাদকের অস্তিত্ব শনাক্ত করার পর গত এপ্রিল থেকেই এ ঘটনায় তদন্ত শুরু করে।

অভিযানের অংশ হিসেবে পুলিশ চালান থেকে আগেই মাদক সরিয়ে ফেলে এবং কনটেইনারগুলোকে পরিকল্পনামাফিক সিডনির একটি গুদামে পৌঁছাতে দেয়। তদন্তকারীদের অভিযোগ, এমা হুসেন নিজেই সেখানে উপস্থিত থেকে লোকজন দিয়ে কনটেইনার খোলার কাজ তদারকি করেন।

পরবর্তীতে কয়েকটি ব্যাগ গাড়িতে করে একটি বাড়িতে নেওয়া হলে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও একটি নোটবুক জব্দ করা হয়। এর আগে আদালতের নির্দেশে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছিল। আগামী আগস্টে তাকে আবার আদালতে হাজির করা হবে।

এদিকে, একই আন্তর্জাতিক মাদক চোরাচালান তদন্তের অংশ হিসেবে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড থেকে আরও এক নারী (৩০) ও এক পুরুষকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের অভিযোগ, তারা ভুয়া পরিচয় ব্যবহার করে সিডনিতে গুদাম বা স্টোরেজ ইউনিট ভাড়া নিয়েছিলেন, যাতে সেখানে মাদক লুকিয়ে রাখা যায়।

অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধী চক্রগুলো কাঠকয়লার মতো সাধারণ পণ্যের আড়ালে মাদক পাচারের চেষ্টা করলেও দক্ষ কর্মকর্তাদের নজর এড়াতে পারেনি।

জনপ্রিয়