বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২৬

চলেন সবাই বর্বর সিনেমা বানাই : কারিনা কাপুর

চলেন সবাই বর্বর সিনেমা বানাই : কারিনা কাপুর
ছবি: সংগৃহীত

একটি সিনেমা বক্স অফিসে সাফল্য পেলেই অনেকটা যেন সেই পথ ধরে হাঁটতে শুরু করে বলিউড। জনপ্রিয় কোনো ছবির গল্প, বিষয় কিংবা নির্মাণশৈলী অনুসরণ করে একই ঘরানার একের পর এক সিনেমা তৈরির প্রবণতা নিয়ে এবার সরব হয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর। তার মতে, দর্শক এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাই কোন সিনেমা তাদের দেখার মতো, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দর্শকের রয়েছে।

সম্প্রতি ইউভা আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে হিন্দি সিনেমার পরিবর্তনশীল ধারা নিয়ে কথা বলেন কারিনা। সেখানে বলিউডের একই ধরনের সিনেমা তৈরির প্রবণতা নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।

কারিনা বলেন, ‘আমাদের দর্শক আমাদের ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান। কোন সিনেমা ভালো এবং তারা কোনটি দেখতে চান, সেটা তারা ভালোভাবেই বোঝেন। এখন বিষয়টি শুধু তরুণদের প্রেমের গল্প নিয়ে নয়। এখন সহিংসতা চলছে।

অ্যানিমেল সফল হয়েছে, তাই চলেন সবাই বর্বর সিনেমা বানাই- এমন একটা প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সবাই আসলে একে অন্যকে অনুসরণ করছি।’

তবে বলিউডের সব নির্মাতা যে একই পথে হাঁটছেন, সেটিও মনে করেন না কারিনা। তার ভাষ্য, এখনো অনেক নির্মাতা প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্ন ধরনের গল্প বলার চেষ্টা করছেন। একই সঙ্গে দর্শকদের ভাবতে বাধ্য করার পাশাপাশি নিজেদের জন্য আলাদা দর্শকও তৈরি করছেন তারা।

কারিনার ভাষায়, ‘এমন নির্মাতাও আছেন, যারা ভিন্ন কিছু বানাতে চান, দর্শককে ভাবাতে চান এবং নিজেদের আলাদা দর্শক তৈরি করেছেন।

আমার মনে হয়, এখন পরিস্থিতি বদলাচ্ছে। দর্শক এখন ট্রেলার দেখে সিদ্ধান্ত নেবেন, তারা সিনেমাটি দেখতে চান কি না।’

তরুণ প্রজন্মের দর্শকদের নিয়েও আশাবাদী এই অভিনেত্রী। তার মতে, বর্তমান সময়ের তরুণরা সিনেমা নিয়ে প্রশ্ন করেন এবং গল্পের বিষয়বস্তু নিয়েও ভাবেন। ফলে শুধু কোনো সিনেমা কমেডি—এ কথা বললেই দর্শক সেটি দেখতে প্রেক্ষাগৃহে ছুটে যাবেন, এমন ধারণা এখন আর কার্যকর নয়।

কারিনা বলেন, ‘প্রতিটি সিনেমা ২০০ কোটি বা ৫০০ কোটি রুপি আয় করবে, এমন নয়। আমার মনে হয়, আমরা পরিবর্তন করছি এবং দর্শকরাও সেই পরিবর্তনে সাহায্য করছেন।’

‘অ্যানিমেল’ নিয়ে

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ মুক্তি পায় ২০২৩ সালে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। তার বাবার চরিত্রে ছিলেন অনিল কাপুর।

বাবা-ছেলের জটিল সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে পারিবারিক দ্বন্দ্বের পাশাপাশি ব্যাপক সহিংসতার চিত্রও তুলে ধরা হয়। মুক্তির পর বড় ধরনের ব্যবসায়িক সাফল্য পায় ছবিটি। বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপির বেশি আয় করে ‘অ্যানিমেল’।

সিনেমাটির সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি ‘অ্যানিমেল পার্ক’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়। সিনেমাটি বর্তমানে নির্মাণাধীন।

নতুন সিনেমায় কারিনা

এদিকে কারিনাকে সামনে দেখা যাবে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায়। এটি একটি তদন্তধর্মী সিনেমা।

এতে কারিনার সঙ্গে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটিতে দুজনই পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। কিশোর অপরাধের সঙ্গে যুক্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে তারা পরস্পরবিরোধী অবস্থানে চলে যান।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দায়রা’র চিত্রনাট্য লিখেছেন মেঘনা গুলজার, যশ কেশওয়ানি ও সীমা আগরওয়াল। জঙ্গল পিকচার্স ও পেন স্টুডিওস প্রযোজিত সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়