বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৬

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই : কঙ্গনা

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই : কঙ্গনা
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে সাধারণত বিতর্ক, মন্তব্য কিংবা সহশিল্পীদের নিয়ে কড়া বক্তব্যের কারণে আলোচনায় থাকতে দেখা যায়। তবে এবার ভিন্ন এক কারণে খবরের শিরোনামে এসেছেন তিনি। তামিলনাড়ুর সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের মধ্যে দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়িয়ে নারীর সম্মান ও অধিকার নিয়ে সরব হয়েছেন কঙ্গনা।

সম্প্রতি তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকের নেতা উদয়নিধি স্ট্যালিনের একটি রাজনৈতিক সভাকে কেন্দ্র করে ঘটে অপ্রীতিকর ঘটনা। সভায় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের বিরুদ্ধে বক্তব্য চলাকালে ভিড়ের মধ্য থেকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর স্লোগান দেওয়া হয়।

জনসমক্ষে একজন জনপ্রিয় শিল্পীকে নিয়ে এমন আচরণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজয়ও নারীদের নিয়ে নোংরা মন্তব্য ও চরিত্রহননের চেষ্টা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

ঘটনাটির প্রসঙ্গ টেনে কঙ্গনা রানাওয়াতও নিজের অবস্থান স্পষ্ট করেন। তার ভাষ্য, তামিলনাড়ুতে ঘটে যাওয়া বিষয়টি সবারই জানা। একজন অত্যন্ত সম্মানিত শিল্পীকে অপ্রয়োজনীয় রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে টেনে এনে অপমান করা হয়েছে।

কঙ্গনা আরও বলেন, কোনো সম্পর্কে দুই পক্ষের সম্মতি থাকলেও পরবর্তী সময়ে কাদা ছোড়াছুড়ি কিংবা চরিত্রহননের পরিস্থিতি তৈরি হলে অধিকাংশ ক্ষেত্রেই নারীকেই নিশানা করা হয়।

তৃষা কৃষ্ণানকে ঘিরে কঙ্গনার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে। অনেকের মতে, ব্যক্তিগত মতপার্থক্য কিংবা রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে উঠে একজন নারীর সম্মান রক্ষায় কঙ্গনার এই অবস্থান তার পরিচিত বিতর্কিত ভাবমূর্তির বাইরে একটি ভিন্ন দিক তুলে ধরেছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়