রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
ছবি: সংগৃহীত

বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ রাধিকা আপ্তে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে সাহসী দৃশ্যে অভিনয়ের কারণে পরবর্তী সময়ে তাকে নানা ধরনের অস্বস্তিকর প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছে। এমনকি চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত চুম্বন কিংবা নগ্নতার দৃশ্যে অভিনয়ের জন্য তাকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এমন কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয়ের পর ইন্ডাস্ট্রির একটি অংশ তাকে নিয়ে এমন ধারণা তৈরি করে যে, যেকোনো ধরনের দৃশ্যেই তিনি সহজে রাজি হয়ে যাবেন।

রাধিকা বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয়ের পর অনেকের ধারণা হয়ে যায়, তিনি বুঝি পর্দায় যেকোনো কিছু করতে প্রস্তুত। এ ধরনের পরিস্থিতিতে তাকে বারবার স্পষ্টভাবে ‘না’ বলতে হয়েছে।

অভিনেত্রীর ভাষায়, “শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়ে গিয়েছিল, ‘এ তো অনায়াসে জামাকাপড় খুলে ফেলবে!’ আমাকে তখন সোজা বলতে হতো, ‘শুনুন, আমি একদম করব না।’”

তবে এসব অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে অস্বস্তিকর ঘটনার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের প্রসঙ্গ তুলে ধরেন রাধিকা। তার দাবি, একটি ছবির সেটে অ্যাকশন দৃশ্য ধারণের সময় তাকে শার্টের বোতাম খুলে অভিনয় করতে বলা হয়েছিল।

রাধিকা জানান, তিনি বিষয়টি নিয়ে আপত্তি জানালে নির্মাতাদের পক্ষ থেকে আরও অস্বস্তিকর একটি প্রস্তাব দেওয়া হয়। তার কথায়, “‘অ্যাকশন করলে তো শার্ট সরে যাবে!’ তখন নির্মাতারা নির্লজ্জের মতো প্রস্তাব দেন, ‘তাহলে শুধু ব্রা আর অন্তর্বাস পরে শুটটা করে ফেললে কেমন হয়?’”

এই প্রস্তাবে রীতিমতো হতবাক হয়ে যান অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, সেটিই ছিল ক্যারিয়ারে তার সবচেয়ে বাজে ও অস্বস্তিকর অভিজ্ঞতাগুলোর একটি।

রাধিকা আপ্তে বরাবরই নিজের কাজ ও পর্দায় উপস্থাপনার বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়ে কথা বলেন। তার বক্তব্যে উঠে এসেছে—চরিত্র ও গল্পের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা এক বিষয়, আর অপ্রয়োজনীয়ভাবে দর্শকদের আকৃষ্ট করতে নগ্নতা বা অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য ব্যবহারের চেষ্টা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এবারও নিজের অভিজ্ঞতার মাধ্যমে সেই পার্থক্যটিই স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়