প্রথমবার বিদেশি লিগে দল পেলেন আরিফুল
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হতে যাচ্ছে তরুণ ব্যাটার আরিফুল ইসলামের। সর্বশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে নজর কাড়ার পর নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) দল পেয়েছেন তিনি।
আসন্ন এনপিএলে কর্ণালি ইয়াকসের জার্সিতে মাঠে নামবেন ডানহাতি এই ব্যাটার। এর মধ্য দিয়ে বাংলাদেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবার খেলার সুযোগ পাচ্ছেন আরিফুল।
সম্প্রতি বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। সাত ম্যাচে ৩৬.৫০ গড়ে ২১৯ রান করেছেন আরিফুল। তার ব্যাট থেকে এসেছে দুটি অর্ধশতক। পাশাপাশি ১৩৮.৬০ স্ট্রাইক রেটে আগ্রাসী ব্যাটিং করে টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি।
টপ অ্যান্ড টি-টোয়েন্টির এই পারফরম্যান্সই মূলত তাকে এনপিএলে খেলার দরজা খুলে দিয়েছে। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা ছিল না তার।
এবার নেপালের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন আরিফুল। এনপিএলে কর্ণালি ইয়াকসের হয়ে তার সঙ্গে একই দলে থাকবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার আকবর আলি।



























