মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ১৯ অক্টোবর ২০২৬

বিচ্ছেদের ঘোষণার পর প্রকৃতির মাঝে শেহতাজের নতুন ছবি

বিচ্ছেদের ঘোষণার পর প্রকৃতির মাঝে শেহতাজের নতুন ছবি
ছবিঃ সংগৃহীত

সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। প্রকৃতির মাঝে হাসিমুখে সময় কাটানোর এসব ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে আগ্রহ।

রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন শেহতাজ। ছবিতে তাঁকে প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াতে এবং বন্য প্রাণীর ছবি তুলতে দেখা যায়। পাশাপাশি নিজের কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।

ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরে কোনো পর্যটনকেন্দ্রে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে কোথায় রয়েছেন কিংবা ভ্রমণের উদ্দেশ্য কী, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ছবির সঙ্গে দীর্ঘ কোনো ক্যাপশন না দিয়ে শুধু উড়ন্ত পায়রার ইমোজি যুক্ত করেছেন শেহতাজ। বিচ্ছেদের ঘোষণার পর তাঁর নতুন ছবিগুলো প্রকাশ্যে আসায় ভক্ত ও অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে ছবির মাধ্যমে নিজের বর্তমান অনুভূতি বা ব্যক্তিগত জীবন নিয়ে কোনো বার্তা দিয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার মতো তথ্য নেই।

গত ৫ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম হাসান ও শেহতাজ। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিয়ে করেছিলেন তাঁরা।

বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই জানান, দীর্ঘ ১০ বছরের পথচলায় অর্জিত স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তাঁরা একে অপরের প্রতি কৃতজ্ঞ। তাঁদের মধ্যে পারস্পরিক সম্মান ও শুভকামনা বজায় থাকবে বলেও উল্লেখ করেন তাঁরা।

তবে নতুন ছবিগুলোর বিষয়ে এখনো নিজের অনুভূতি কিংবা ভ্রমণের উদ্দেশ্য নিয়ে কোনো মন্তব্য করেননি শেহতাজ।
 

সর্বশেষ

জনপ্রিয়