যুক্তরাষ্ট্র থেকে ’সুখবর’ দিলেন অভিনেত্রী মৌসুমী
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। দেশটিতে যাওয়ার প্রায় তিন বছর পর গ্রিন কার্ড হাতে পেয়েছেন তিনি।
শনিবার যুক্তরাষ্ট্রে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ সুখবর জানান অভিনেত্রী।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। মেয়ে ফাইজার পড়াশোনার দেখভালের পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্বও পালন করছিলেন এই অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন অবস্থান করলেও গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল মৌসুমীর।
অবশেষে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ায় সেই অপেক্ষার অবসান হলো। নতুন এই অর্জনে তার যুক্তরাষ্ট্রে বসবাসের বিষয়টি আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেশটিতে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস ও কাজ করার সুযোগ দেয়। নির্ধারিত অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণ করতে পারলে স্থায়ী বাসিন্দারা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্যও আবেদন করতে পারেন।
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার সঙ্গে কাজ করছেন মৌসুমী। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।
অভিনয়দক্ষতা ও পর্দায় উপস্থিতির কারণে এখনো দর্শকের কাছে পরিচিত এই অভিনেত্রী।



























