বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
বায়ার্ন মিউনিখে হ্যারি কেইনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কাটতে শুরু করেছে। জার্মান জায়ান্টটির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচক গতিতেই এগোচ্ছে বলে জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক নিজেই। মিউনিখে নিজের ও পরিবারের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে ক্লাবটিতে দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন তিনি।
বর্তমানে বায়ার্নের সঙ্গে কেইনের চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। ২০২৩ সালে টটেনহাম হটস্পার থেকে জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই গোলের পর গোল করে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন এই ইংলিশ স্ট্রাইকার। এবার সেই সম্পর্ক আরও দীর্ঘ করার পথেও এগোচ্ছে দুই পক্ষ।
আগস্টে শুরু হওয়া চুক্তি নবায়নের আলোচনা এরই মধ্যে চূড়ান্ত পর্যায়ের দিকে পৌঁছেছে। কেইনও আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট। চুক্তি নিয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে তিনি বলেন, ‘আলোচনা ভালো হচ্ছে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তবে কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি। আমি এখানে সুখে আছি। আমার মনে হয়, খুব বেশি সময় লাগবে না—শিগগিরই এ বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে।’
বায়ার্নে থাকার ক্ষেত্রে শুধু মাঠের সাফল্যই নয়, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দিচ্ছেন কেইন। মিউনিখের পরিবেশ, কোচ ও সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া—সবকিছুতেই সন্তুষ্ট তিনি। বয়স বাড়ার সঙ্গে নিজের সেরাটা ধরে রাখতে পরিচিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে থাকাটাকেও গুরুত্বপূর্ণ মনে করছেন ইংল্যান্ডের এই তারকা।
বায়ার্নে যোগ দেওয়ার পর কেইনের পারফরম্যান্সও তার চুক্তি নবায়নের পক্ষে বড় কারণ। ক্লাবটির জার্সিতে নিয়মিত গোল করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে বায়ার্নের হয়ে দুটি বুন্দেসলিগা শিরোপা, একটি জার্মান কাপ এবং দুটি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপ জিতেছেন এই স্ট্রাইকার।
কেইনকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে আগ্রহী বায়ার্নও। ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন আগেই জানিয়েছিলেন, কেইনের সঙ্গে তাদের সম্পর্ক ও বোঝাপড়া দারুণ। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে স্বচ্ছন্দ পরিবেশেই আলোচনা চলছে।
সবকিছু ঠিকঠাক এগোলে খুব শিগগিরই বায়ার্ন মিউনিখ ও হ্যারি কেইনের নতুন চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।



























