হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১১১
হামের উপসর্গে সারাদেশে শিশু মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু এবং ১১১১ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১২ জনে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগের। তাদের একজন চট্টগ্রামের এবং অন্যজন নোয়াখালীর। অপর শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গে মোট ১ লাখ ৬৯ হাজার ৮২২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন।
একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন।
এদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া ১০১২ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। বাকি ৯১২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।



























