বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ৩ নভেম্বর ২০২৬

নারী ক্রিকেটারদের নিরাপত্তায় পাঁচ সদস্যের কমিটি গঠন করল বিসিবি

নারী ক্রিকেটারদের নিরাপত্তায় পাঁচ সদস্যের কমিটি গঠন করল বিসিবি
ছবিঃ সংগৃহীত

নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌন হয়রানি কিংবা নিপীড়নের অভিযোগ জানাতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বোর্ড। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। কমিটির বিশেষ দিক হলো, এতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে রাখা হয়নি। ফলে অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখার উদ্যোগ নিয়েছে বোর্ড।

বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। ওই সময় তিনি নারী উইংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

পাঁচ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া কমিটিতে একজন সাবেক ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হবে। তবে তাঁর নাম এখনো চূড়ান্ত হয়নি।

কমিটিতে বিসিবিসংশ্লিষ্ট কাউকে না রাখার বিষয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, এতে অভিযোগের তদন্তে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব কিংবা স্বার্থের সংঘাত এড়ানোর সুযোগ তৈরি হবে। নারী ক্রিকেটাররাও নিজেদের অভিযোগ ও অভিজ্ঞতার কথা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে জানাতে পারবেন।

এ বিষয়ে নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম বলেন, “অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল। এখন আমরা তা করে দিয়েছি। যেকোনো ক্রিকেটারই চাইলে এখানে এসে তাঁদের কথাটা বলতে পারবেন।”

বাংলাদেশের নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। পাশাপাশি হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের রায় অনুযায়ী অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল বোর্ড।

সে সময় বিসিবির পরিচালক ও উইমেন্স উইং কমিটির প্রধান রুবাবা দৌলাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল। অভিযোগ তদন্তের পাশাপাশি স্বাধীনভাবে অভিযোগ জানানোর পরিবেশ তৈরি এবং বাংলাদেশের ক্রিকেটে নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণ চালুর দায়িত্বও দেওয়া হয়েছিল ওই কমিটিকে।

এবার নতুন করে পাঁচ সদস্যের স্বাধীন কমিটি গঠনের মধ্য দিয়ে নারী ক্রিকেটারদের অভিযোগ জানানোর সুযোগ আরও সহজ করার উদ্যোগ নিয়েছে বিসিবি। বোর্ডের প্রত্যাশা, কোনো ধরনের ভয়, দ্বিধা কিংবা চাপ ছাড়াই ক্রিকেটাররা তাঁদের সঙ্গে ঘটে যাওয়া হয়রানি বা অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথা জানাতে পারবেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়