এমবাপ্পের মন্তব্যে চীনে বিতর্ক, বন্ধ হলো ম্যাচ সম্প্রচার
চীনে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে বিতর্কের রেশ এখনো কাটেনি। মাও সে তুংকে নিয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া সমালোচনার প্রভাব পড়েছে রিয়াল মাদ্রিদের ম্যাচ সম্প্রচারেও। চীনের টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে এবারও দেখা যায়নি এমবাপ্পের দলের ম্যাচ।
গত রবিবার রেসিং সান্তান্দারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি সম্প্রচার করেনি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি। দেশটিতে স্প্যানিশ লিগের সম্প্রচার স্বত্ব থাকা চায়না মোবাইলের ডিজিটাল প্ল্যাটফর্ম মিগু ভিডিওতেও ম্যাচটি পাওয়া যায়নি। তবে একই দিনে অনুষ্ঠিত লা লিগার অন্য ম্যাচগুলো যথারীতি সম্প্রচার করা হয়েছে।
গত সপ্তাহে মাও সে তুংকে নিয়ে এমবাপ্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ তার মন্তব্যকে আধুনিক চীনের প্রতিষ্ঠাতা নেতার প্রতি অসম্মানজনক হিসেবে দেখেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও ছড়িয়ে পড়ে সমালোচনা।



























