পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে সাইদা আক্তার রিনা (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁদের আলো ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাইদা আক্তার রিনা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ গোয়ালমারী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা শহীদ সরকারি বুলবুল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ছাত্রীনিবাসের কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তবে ওই তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, “মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।”



























