শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ১৪ নভেম্বর ২০২৬

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
ছবিঃ এআই

আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে দ্রুত বাড়তে থাকা এই দীর্ঘমেয়াদি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিনটি পালন করা হয়। ইনসুলিন আবিষ্কারক স্যার ফ্রেডরিক বান্টিংয়ের জন্মদিনে এই দিবসটি পালিত হয়ে আসছে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ১৯৯১ সালে দিবসটির সূচনা করে, যা ২০০৬ সালে জাতিসংঘের স্বীকৃতি পায়।

এ বছরের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’ বা ‘ডায়াবেটিসে আগেভাগে পদক্ষেপ’। এই প্রতিপাদ্যের মূল লক্ষ্য, রোগটি সম্পর্কে আগেভাগে জানা, সময়মতো ঝুঁকি কমানো। কারণ, ডায়াবেটিসে আক্রান্ত অনেক মানুষই নিজের রোগ সম্পর্কে জানেন না। আইডিএফের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রতি নয়জনের একজন ডায়াবেটিসে আক্রান্ত। আর আক্রান্তদের মধ্যে চারজনের একজন বা প্রায় ২৫ কোটি ২০ লাখ মানুষ জানেনই না যে তারা এই রোগে ভুগছেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে তা ধীরে ধীরে হৃদযন্ত্র, রক্তনালী, চোখ, কিডনি ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই আগেভাগে রোগ শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে বা এর অগ্রগতি বিলম্বিত করতে আগেভাগে পদক্ষেপ নেওয়া কার্যকর ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশেও ডায়াবেটিস আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাদাস) জানিয়েছে, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তবে এর মধ্যে সংগঠনের কাছে নিবন্ধিত রোগীর সংখ্যা প্রায় ৭২ লাখ। অর্থাৎ, বিপুলসংখ্যক মানুষ এখনো তাদের রোগ সম্পর্কে জানেন না। অনেক ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ার আগে বা জটিলতা তৈরি না হলে মানুষ রক্তে শর্করা পরীক্ষা করান না বলেই এমনটা হয়ে থাকে। আইডিএফের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের প্রায় ১৩ দশমিক ২ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। এছাড়া আরও প্রায় ৩০ শতাংশ মানুষ প্রি-ডায়াবেটিক অবস্থায় আছেন, যাদের যেকোনো সময় পূর্ণাঙ্গ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিভিন্ন দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। বাংলাদেশেও সচেতনতা বাড়াতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা আয়োজন করেছে। ডায়াবেটিস প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, নিয়মিত শারীরিক ব্যায়াম করা এবং ঝুঁকি থাকলে নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

জনপ্রিয়