মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ৩ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প

ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ এক মাসের বেশি সময় ধরে চলতে পারে। মঙ্গলবার এই সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে।

ইসরাইল লেবাননে ব্যাপক বোমাবর্ষণ চালায় এবং তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

ফরাসি বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। এতে ধোঁয়া উড়তে দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পূর্বাঞ্চলীয় দেশগুলো থেকে নিজেদের নাগরিকদের সরে যেতে আহ্বান জানায়।

এদিকে ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা। বিস্ফোরণের ফলে তাদের আবাসিক ভবনের জানালাও কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে, তারা ইরানের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

১৯৭৯ সাল থেকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে শাসিত ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান নিয়ে আসছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গত শনিবার এক হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয় এবং এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

তিনি বলেন, “শুরুতে আমরা চার থেকে পাঁচ সপ্তাহের হিসাব করেছিলাম। কিন্তু এটি এক মাসের বেশি সময়ও চলতে পারে।”

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

প্রথমবারের মতো তিনি যুদ্ধের সুস্পষ্ট লক্ষ্যও ঘোষণা করেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌবাহিনী ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চায় এবং অঞ্চলজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন বন্ধ করতে চায়।

তবে এসব লক্ষ্য অর্জনের মধ্যে ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করা অন্তর্ভুক্ত নয়। যদিও এর আগে শনিবার ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকার উৎখাতের জন্য জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন।