পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র
ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং করাচি ও লাহোরের কনস্যুলেটসহ পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। দেশটির বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই স্থগিতাদেশ আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে।
সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেট ঘিরে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনে হামলার চেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে অন্তত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।
সূত্র: আল জাজিরা।



























