তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণ, জ্বলছে বিমান
ইরানের রাজধানী তেহরান–এর প্রধান বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের পর বিমানবন্দর এলাকায় একাধিক বিমানে আগুন ধরে যায় এবং আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–এর হামলা চলমান থাকার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার (৭ মার্চ) পর্যন্ত হামলার এই সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।
বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরে ইসরায়েলি হামলার পর বড় ধরনের বিস্ফোরণ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানবন্দরের ভেতরে বেশ কয়েকটি বিমানে আগুন জ্বলতে দেখা যায়। পরে বিমানবন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে থাকে।
মেহরাবাদ বিমানবন্দরটি তেহরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে পরিচিত। সেখানে হামলার ফলে বিমান চলাচল ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় হতাহত হয়েছে কিনা, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ইরানের সরকারি কর্তৃপক্ষও এখন পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এর আগে ইসরায়েলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, তারা ইরানের ভেতরে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। এরই প্রেক্ষাপটে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।



























