শনিবার ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ৭ মার্চ ২০২৬

মাহফুজ-তাজনূভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’

মাহফুজ-তাজনূভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’
ছবি: সংগৃহীত

দেশের রাজনীতিতে তরুণদের ইতিবাচক অংশগ্রহণ বাড়ানো এবং জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের স্বপ্ন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও এনসিপির সাবেক নেত্রী তাজনূভা জাবীনের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম।

নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘অলটারনেটিভস’। ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠনের মাধ্যমে শুরু হয়েছে এর কাজ।

শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ জরুরি। এই লক্ষ্য সামনে রেখে সংগঠনটি একটি ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করেছে, যা দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান কাজ হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং জুলাইয়ের আন্দোলনে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা।

একই সঙ্গে একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যেও তারা কাজ করবেন।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সাংগঠনিক কাঠামো গড়ে তুলবেন।

ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সংগঠকদের মধ্যে রয়েছেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, ডা. তাজনূভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মাহফুজ আলম, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে ভবিষ্যতে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ