তিন বোনের রহস্যজনক মৃত্যু, বেগুন ভর্তা খাওয়ার পরই কী ঘটেছিল?
ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার একটি গ্রামে বেগুন ভর্তা ও রুটি খাওয়ার পর তিন বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে ওই খাবার খাওয়ার সঙ্গে শিশুদের মৃত্যুর সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ঘটনা তদন্তে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
রোববার (২৩ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঘটনাটি ঘটেছে ছাতারপুর জেলার ইসানগর থানার পিপোরা খুর্দ গ্রামে। নিহত তিন শিশু হলো—সাত বছর বয়সী পুনম, তিন বছর বয়সী মনীষা এবং নয় মাস বয়সী চাহাত।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত্যুর আগের রাতে তিন বোন বেগুন ভর্তা ও রুটি খেয়েছিল। এরপর তাদের মৃত্যু হয়। তবে খাবারটি বিষক্রিয়া বা অন্য কোনো কারণে শিশুদের মৃত্যুর জন্য দায়ী কি না, তা এখনো নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়েই তিন শিশুর মরদেহ দাফন করে ফেলেন। মরদেহের ময়নাতদন্তও করা হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় পুলিশ ও চিকিৎসকদের একটি দল গ্রামে গিয়ে দাফনের স্থান পরিদর্শন করে।
ছাতারপুরের প্রধান স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তা আরপি গুপ্তা জানান, বিষয়টি জানতে পেরেই তিনি সংশ্লিষ্ট দল নিয়ে ঘটনাস্থলে যান। পরে পুলিশ, রাজস্ব বিভাগ এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির কর্মকর্তাদেরও ঘটনাস্থলে ডাকা হয়।
তিনি জানান, তিন শিশুর মৃত্যুর পেছনের প্রকৃত কারণ এবং মৃত্যুর আগে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিভিন্ন সংশ্লিষ্ট দল কাজ করছে।
এদিকে, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিন বোন অসুস্থ হওয়ার আগে ও পরে কী ঘটেছিল, সেই ঘটনাক্রমও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহের ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এরপর তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি



























