জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ-৮১) অংশ নিতে ২১ সেপ্টেম্বর তাঁর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর প্রথম বক্তব্য।
জাতিসংঘের মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন বৈঠক, অনুষ্ঠান ও কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর কর্মসূচি চূড়ান্ত করার কাজ করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে ঢাকায় মার্কিন দূতাবাসকে নোট ভার্বালের মাধ্যমে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরটি আট থেকে দশ দিনের হতে পারে। নিউইয়র্কে জাতিসংঘের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো সফর করবেন। সেখানে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এবার দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রায় চার দশক পর একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে ২০০৬ সালে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তাঁর এবারের সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। তাঁকে স্বাগত জানাতে নিউইয়র্কে বড় ধরনের নাগরিক সংবর্ধনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা ইতোমধ্যে এ বিষয়ে ভার্চুয়াল বৈঠকও করেছেন। সংবর্ধনায় অংশ নিতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীদের নিউইয়র্কে আসার প্রস্তুতি চলছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল গত জুনে মালয়েশিয়া ও চীন। ওই সফরে জনশক্তি রপ্তানি, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি ও সমঝোতা হয়। এরপর বিভিন্ন দেশ থেকে সফরের আমন্ত্রণ এলেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে আর কোনো বিদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ফলে সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরই হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কর্মসূচি। একই সঙ্গে দীর্ঘ ২০ বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের মাটিতে তাঁর প্রত্যাবর্তনও এই সফরকে বাড়তি তাৎপর্য দিচ্ছে।



























