গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পর্যাপ্ত সার না পাওয়ায় জোটবদ্ধ হয়ে এক ডিলারের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তায় প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ পেলেও কৃষকদের মধ্যে তা বিতরণে গড়িমসি করেন। তার নামে মোট ১ হাজার ৩২০ বস্তা সার বরাদ্দ ছিল। এর মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা।
রোববার সকাল থেকেই সার কেনার জন্য ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলার পয়েন্টের দরজা না খোলায় একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন তারা। পরে কৃষকেরা গুদামের দরজা ভেঙে সেখানে থাকা ইউরিয়া সার নিয়ে যেতে শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা বাকি সার রক্ষা করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, শিলখুড়ি ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। বিপরীতে বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। প্রকৃতপক্ষে উত্তোলনও এর চেয়ে কম ছিল। ফলে কৃষকদের মধ্যে সার না পাওয়ার শঙ্কা তৈরি হয়। এ কারণেই তারা গুদাম থেকে সার নিয়ে যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ১৯৭ বস্তা সার কৃষকেরা নিয়ে গেছেন। পরে ৩৩ জন ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।



























