ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত বেড়ে ৩৭
ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি অস্ত্রের গুদামে রুশ ড্রোন হামলার পর বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৪২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। বিস্ফোরণের পর আশপাশের এলাকা থেকে প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসির।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে কিয়েভের বুচা জেলার মিলা গ্রামে থাকা ওই অস্ত্রের গুদামে হামলা চালানো হয়। হামলার পর গুদামে থাকা গোলাবারুদ, মাইন ও ড্রোন একের পর এক বিস্ফোরিত হতে থাকে। এতে আশপাশের প্রায় ১৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আবাসিক এলাকার এত কাছে বিস্ফোরক সংরক্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। জেলেনস্কির ভাষ্য, বিস্ফোরক সংরক্ষণের জন্য ওই স্থান বেছে নেওয়া ‘অত্যন্ত গুরুতর অবহেলা’। কারণ নিয়ম অনুযায়ী, বাড়িঘর বা আবাসিক এলাকার কাছাকাছি গোলাবারুদ সংরক্ষণ নিষিদ্ধ।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী মিলা গ্রামের একটি গোলাবারুদের গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। রুশ মন্ত্রণালয়ের দাবি, ওই গুদামে দীর্ঘপাল্লার চালকবিহীন ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ ও উৎক্ষেপণ সরঞ্জাম রাখা ছিল।
হামলার পর গুদামে ব্যাপক বিস্ফোরণ ঘটে এবং আশপাশের আবাসিক এলাকায়ও এর প্রভাব পড়ে। উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।



























