রোববার ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৪, ২৯ আগস্ট ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে আসতে চায় বিতর্কিত সাকিবুল

নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে আসতে চায় বিতর্কিত সাকিবুল
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখার নেতৃত্বে আসতে দৌড়ঝাঁপ করছেন সাকিবুল ইসলাম। তাকে ঘিরে বয়স, বৈবাহিক অবস্থা এবং অর্থের বিনিময়ে কমিটি বাগিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আসতে বেশ কিছুদিন ধরেই তৎপরতা চালিয়ে আসছেন সাকিবুল ইসলাম। জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ ও তদবিরের মাধ্যমে তিনি পদটি নিশ্চিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, সাকিবুল ইসলাম বিবাহিত। পাশাপাশি তার বয়স ৩২ বছর হলেও ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ২৯ বছরের বেশি বয়সী কারও নেতৃত্বে আসার সুযোগ নেই—এমন দাবি করেছেন সংশ্লিষ্টরা। ফলে বয়সসীমা অতিক্রম করার পরও তিনি কীভাবে নেতৃত্বের জন্য তৎপরতা চালাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে জেলা পর্যায়ের নেতাদের ‘ম্যানেজ’ করে কমিটি বাগিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে সাকিবুলের বিরুদ্ধে। স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, জেলা পর্যায়ের নেতাদের ম্যানেজ করতে সাকিবুল ইসলাম প্রায় ৩০ লাখ টাকা দিয়েছেন।

তবে ৩০ লাখ টাকা লেনদেনের অভিযোগের বিষয়ে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। 

এসব অভিযোগের বিষয়ে সাকিবুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতাদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়