শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ৫ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করবেন, জানে না ভারত

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করবেন, জানে না ভারত
ছবি: সংগৃহীত

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করবেন, তা এখনো নিশ্চিত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে যোগ দেবেন কি না, নাকি তাঁর পরিবর্তে অন্য কেউ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন—এ বিষয়ে ভারতের কাছেও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তাঁর কাছে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

এর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যও আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে ভারতে অবস্থান করে শেখ হাসিনার বাংলাদেশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। এর প্রভাব তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্তেও পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিকস সম্মেলনের এক সপ্তাহ আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে না গেলে তাঁর পরিবর্তে অন্য কেউ অংশ নেবেন কি না, সে বিষয়েও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

এদিকে শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকার নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত সরকার। শুক্রবারের ব্রিফিংয়ে এ বিষয়ে একাধিক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ নিয়ে সরকারের কোনো মন্তব্য নেই।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, বাংলাদেশ সরকারের সঙ্গে তাঁর কোনো আলোচনা চলছে কি না এবং এ বিষয়ে তিনি ভারত সরকারকে কোনো তথ্য জানিয়েছেন কি না—এসব প্রশ্নেরও নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানান জয়সওয়াল।

জনপ্রিয়