স্পিড পোস্টে ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহনের রেকর্ড ডাক বিভাগের
চিঠি ও সাধারণ পার্সেল পরিবহনের গণ্ডি পেরিয়ে এখন ফ্রিজ, মোটরসাইকেল, আলমারি ও অন্যান্য ভারী পণ্যও পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। সরকারি এই সেবার মাধ্যমে গত দুই মাসে প্রায় ৪০০ টন পণ্য পরিবহনের রেকর্ড গড়েছে স্পিড পোস্ট।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানিয়েছেন, দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ নয়—এমন যেকোনো পণ্য এখন স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো যাচ্ছে। পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল পরিবহনের পাশাপাশি ফ্রিজ, ওয়ারড্রব, আলমারি, শিক্ষার্থীদের বিছানাপত্রসহ বিভিন্ন ভারী সামগ্রীও সফলভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম, প্রেসার কুকার, ইন্ডাকশন চুলা, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, বাইসাইকেল এবং কৃষিকাজে ব্যবহৃত স্প্রে মেশিনও এখন ডাক বিভাগের এই সেবার আওতায় রয়েছে।
বর্তমানে প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজির জন্য ৫ টাকা হারে মাশুল নির্ধারণ করা হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে অনলাইন মাশুল ক্যালকুলেটরও চালু করা হয়েছে, যার মাধ্যমে আগেই পরিবহন ব্যয় জানা সম্ভব।
ডাক বিভাগের তথ্যমতে, জেলা শহর থেকে ঢাকায় ২৪ ঘণ্টা, এক জেলা থেকে অন্য জেলায় ৪৮ ঘণ্টা এবং দুর্গম এলাকায় সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সেবা পরিচালিত হচ্ছে।
মহাপরিচালক আরও জানান, সাশ্রয়ী মূল্যে নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সেবা নিশ্চিত করাই ডাক বিভাগের মূল লক্ষ্য। ভবিষ্যতে আন্তঃজেলা বাসাবদল সেবাসহ আরও নতুন সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।



























