বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের পর আতঙ্কে মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে দেখা যায়। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার দুপুর স্থানীয় সময় সাড়ে ২টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক ঘাঁটির একটি এলাকায় বিস্ফোরণটি ঘটে।
ওই এলাকায় আতশবাজি সংরক্ষণ করা হয়েছিল বলে জানিয়েছেন বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
প্রতিরক্ষামন্ত্রী জাস্টিনিয়ানোর দেওয়া তথ্য অনুযায়ী, আহত ৫৮ জনের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক বাহিনীর সদস্য।
বিস্ফোরণের পর ব্যাপক আতঙ্ক
মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের পর মানুষকে আতঙ্কে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে সামরিক ঘাঁটির ওপর থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। উদ্ধারকারী দল আহতদের পরিবারের সদস্যদেরও সহায়তা করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
প্রাথমিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, বিস্ফোরণে সামরিক স্থাপনার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তখন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে আহত ও নিহতের সংখ্যা বাড়তে থাকে।
ক্ষতিগ্রস্ত বহু বাড়ি
বিস্ফোরণের শক্তিশালী ধাক্কায় আশপাশের কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনাস্থলে এখনও তাপের উৎস রয়েছে বলে জানিয়েছেন অগ্নিনির্বাপক কর্মীরা। এর ফলে আবারও বিস্ফোরণের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রায় এক লাখ মানুষের শহর ভিয়াচা বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
সূত্র: ইন্ডিয়া টুডে



























