সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ৭ সেপ্টেম্বর ২০২৬

মিয়ামিতে রানওয়ে থেকে সড়কে কার্গো বিমান, নিহত ৫

মিয়ামিতে রানওয়ে থেকে সড়কে কার্গো বিমান, নিহত ৫
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশের সড়কে ছিটকে পড়েছে একটি কার্গো উড়োজাহাজ। পরে উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত লাগে। এ ঘটনায় পাঁচজন নিহত ও আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা সংবাদ সম্মেলনে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বোয়িং ৭৬৭–৩০০ মডেলের কার্গো উড়োজাহাজটি অ্যামাজনের পরিচালিত প্রাইম এয়ারের। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল।

এফএএ জানায়, মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে চলে যায়। সেখানে থাকা ‘একাধিক’ গাড়িতে সেটি আঘাত করে। দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

স্থানীয় ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে আগুনের শিখা ও ঘন ধোঁয়া দেখা যায়। ঘটনার পর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তবে উড়োজাহাজটি অবতরণের সময় ঠিক কী কারণে রানওয়ে থেকে ছিটকে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে সড়কে থাকা ঠিক কতটি গাড়ি উড়োজাহাজটির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিও জানা যায়নি।

এদিকে অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল বলেন, ঠিক কী ঘটেছে তা জানতে স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

জনপ্রিয়