রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আর্ন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনার ভিডিও প্রকাশের পর ইউটিউবার দম্পতির বাড়িতে কোটি টাকার চুরি

সোনার ভিডিও প্রকাশের পর ইউটিউবার দম্পতির বাড়িতে কোটি টাকার চুরি
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সোনা, গয়না ও নগদ অর্থের ভিডিও প্রকাশের কয়েক দিনের মধ্যেই ভারতের তামিলনাড়ুর নাগেরকোইলে চুরির শিকার হয়েছেন এক ইউটিউবার দম্পতি। চোরেরা তাদের বাড়ি থেকে প্রায় ১ কোটি রুপি মূল্যের সোনার গয়না ও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ভুক্তভোগী দম্পতি ইউটিউবার বিনোদ কুমার ও মধুমিতা, যারা নাগেরকোইলের ভিআইপি গার্ডেন এলাকায় বসবাস করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তাদের বাড়িতে ১১৮ সোভেরেন সোনার অলংকার ছিল।
জানা গেছে, সম্প্রতি মধুমিতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে পরিবারের সোনার গয়না ও সম্পদের কিছু অংশ দেখা যায়। এছাড়া তিনি নিয়মিত সোনা কেনা, গয়না এবং নগদ অর্থসংক্রান্ত বিভিন্ন ভিডিও ও রিল প্রকাশ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সিসিটিভি নজরদারির আওতায় থাকা আবাসিক এলাকায় অবস্থিত বাড়ি থেকে তারা মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর রাজাকামঙ্গলম থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী মনে করছেন, অনলাইনে মূল্যবান সম্পদের ছবি বা ভিডিও প্রকাশ অপরাধীদের সম্ভাব্য লক্ষ্য নির্ধারণে সহায়তা করতে পারে। তবে তদন্তকারী সংস্থাগুলো এখনো নিশ্চিত করেনি যে প্রকাশিত ভিডিওগুলোর সঙ্গে চুরির ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে।

ঘটনার পর ব্যক্তিগত সম্পদ, বিশেষ করে সোনা, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রীর ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়