মধ্যবর্তী নির্বাচনে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষেই জয় পাওয়ার পর ভোট কারচুপির অভিযোগ পুনরায় সামনে এনেছেন তিনি। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “কেউ কি সত্যিই বিশ্বাস করেন, এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? জনমত জরিপগুলো এত ভুল হলো কীভাবে?”
ট্রাম্পের অভিযোগ, আগাম ভোটের বিপুলসংখ্যক ব্যালট একসঙ্গে গণনায় আসায় রিপাবলিকানদের পক্ষে জয় পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন না করেই তিনি আরও লেখেন, “সবকিছুই ভোটযন্ত্রকে ঘিরে, যা ভোটারের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ!”
নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের এই বক্তব্য তার আগের অবস্থানের সঙ্গে স্পষ্টতই সাংঘর্ষিক। নির্বাচনের রাতেই নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ফল মেনে নেওয়ার বিষয়ে বলেছিলেন, “আমি নিঃসন্দেহে ওই ফলাফল মেনে নিতে প্রস্তুত।”
এর আগে বিভিন্ন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প। বিশেষ করে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর তিনি ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করেছিলেন। তবে সেসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।



























