ফ্রান্সজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০০
ফ্রান্সে স্কুলের পরিবেশ ও সুযোগ-সুবিধা উন্নয়নের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশের হিসাবে, এসব বিক্ষোভে প্রায় দুই লাখ মানুষ অংশ নেন। এর মধ্যে শুধু প্যারিসেই ছিলেন প্রায় ৫৬ হাজার বিক্ষোভকারী।
তবে আয়োজকদের দাবি, মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা দুই লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।
বিক্ষোভের অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও প্যারিসসহ কয়েকটি এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এদিন প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে ৪৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে অন্তত ২১৫ কিশোর ও ৮৫ জন স্কুলকর্মী আহত হয়েছেন। তাঁর ভাষায়, কয়েক দশকের মধ্যে এটি দেশটির শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা।
অন্যদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠন। তরুণ বিক্ষোভকারীদের ওপর ‘অসামঞ্জস্যপূর্ণ পুলিশি দমন’ বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও।



























