রোববার ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ১০ অক্টোবর ২০২৬

বিমান থেকে আটক অভিজিৎ দিপকে

বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
ছবি: সংগৃহীত

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই জ্যেষ্ঠ নেতাকে উড়োজাহাজের ভেতর থেকে আটক করেছে দিল্লি পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের পর রানওয়েতে অবস্থানকালেই পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করেন। এ সময় অভিজিৎ দীপকে ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

আটকের সময় উড়োজাহাজের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিজিৎ দীপকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার চালিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। দলের সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, উড়োজাহাজ থেকে যাত্রীদের নামার অপেক্ষা না করে ভেতরে ঢুকে আটকের মাধ্যমে তাদের স্বাধীনভাবে চলাচলের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তবে পুলিশি গ্রেপ্তারকে তারা ভয় পান না বলেও জানান।

এ ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে সিজিপি। এক বিবৃতিতে দলটি অভিযোগ করে, আন্দোলনকে নেতৃত্বহীন ও অকার্যকর করে দেওয়ার লক্ষ্যেই পরিকল্পিতভাবে এ বাধা সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।

এর আগে শুক্রবার সকালে ইউটিউবার ধ্রুব রাঠি ও সিজিপির আইনি বিভাগের প্রধান রত্না সিংকে নিজ নিজ বাসা থেকে আটক করা হয়। এ ছাড়া বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতভর অভিযান চালিয়ে দিল্লির বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০০ জন সন্দেহভাজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। তবে কর্মসূচিটির অনুমতি আগেই বাতিল করে দিল্লি পুলিশ। বিক্ষোভ ঠেকাতে শহরের ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা, দূরপাল্লার ট্রেন বাতিল এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়