মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ১২ অক্টোবর ২০২৬

তুরস্কে বাস-টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে বাস-টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। 

রোববার (১১ অক্টোবর) দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের একটি টোল বুথের কাছে বাসটির সঙ্গে টো ট্রাকের সংঘর্ষ হয়।

মানিসার গভর্নর কার্যালয় জানিয়েছে, সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আটক করেছে পুলিশ।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবিতে বাসটিকে উল্টে পড়ে থাকতে দেখা যায়। সংঘর্ষে বাসটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ছাড়া সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা ছিল মরদেহ বহনের নীল রঙের ব্যাগ। উল্টে যাওয়া টো ট্রাকটি কাঠের তক্তা বহন করছিল বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, নিহত ব্যক্তিরা তুরস্কের নাগরিক। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান বলেন, পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। এ দুর্ঘটনা ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব আবারও সামনে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়