পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি
পাকিস্তানের করাচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময়ে পাঁচজনের বেশি মানুষের জমায়েত, সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির জারি করা এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করাচির বিভিন্ন প্রধান সড়ক, মোড় ও চত্বরে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি এবং মিছিলের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
প্রশাসন জানিয়েছে, সড়ক অবরোধের ফলে জরুরি সেবার যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। এসব সমস্যা বিবেচনায় নিয়ে করাচি ডিভিশনে জনসমাগম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথাযথ অনুমতি ছাড়া জমায়েত, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন বা এসব কর্মসূচিতে সহায়তা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, জনশান্তি বজায় রাখা এবং মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০ অক্টোবর পর্যন্ত করাচির কোথাও পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবেন না। এ ছাড়া বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, মিছিল, সমাবেশসহ বিভিন্ন ধরনের জনসমাবেশের আয়োজন, পরিচালনা ও আহ্বান করা যাবে না। এসব কর্মসূচিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করাও নিষিদ্ধ করা হয়েছে।



























