মক্কার মৃত্যুদণ্ডের ঘটনায় ভাইরাল ভিডিও ভুয়া: ‘দ্য হলি মস্কস’
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। তবে ভিডিওটিকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে পবিত্র দুই মসজিদবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সংবাদমাধ্যমটির এক্স অ্যাকাউন্টের বরাতে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, গত ১৪ অক্টোবর সৌদি আরবের কর্তৃপক্ষ মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে।
তবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ঘটনার বিস্তারিত বিবরণ কিংবা মসজিদটির নাম প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে ওই দুই বাংলাদেশির নাম উল্লেখ করা হয় নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ কিংবা কোন মসজিদে ঘটনাটি ঘটেছিল, তা জানানো হয়নি।
মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কাবার পূর্ব কোণে অবস্থিত হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওটির সঙ্গে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা জুড়ে দিয়ে বিভিন্ন দাবি করা হয়।
তবে ‘দ্য হলি মস্কস’-এর এক্স অ্যাকাউন্টে বলা হয়, ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কোনো সম্পর্ক নেই। এ ঘটনায় ভিডিওটি ব্যবহার করে ছড়ানো দাবিও ভুয়া ও বিভ্রান্তিকর।
অন্যদিকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশি মিশনকে বিষয়টি জানিয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।



























