বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোয় হামলার আশঙ্কা এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
বুধবার (২১ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রায় শূন্য দশমিক ৭৮ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।
বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বেড়ে ১০৯ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে ডব্লিউটিআই তেলের দাম ৭৬ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রে একটি মাইনের আঘাতে বিশাল একটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটি ইরানের নিয়ম লঙ্ঘন করছিল। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
এদিকে সৌদি আরবের জ্বালানি স্থাপনা ও বিমানবন্দরগুলোতে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।
এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা করেন। ওই আলোচনার পর তেলের দাম কিছুটা কমলেও অঞ্চলজুড়ে নতুন করে হামলার আশঙ্কায় বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিজেলের সরবরাহ ঘাটতিও জ্বালানির দাম বাড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে। দেশটির জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডিজেলের উৎপাদন বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি শোধনাগারগুলোর সঙ্গে কাজ করছেন তারা।
সূত্র: রয়টার্স



























