ইলহান ওমরকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভুয়া নাম ব্যবহার করে কংগ্রেস সদস্য হিসেবে শপথ নিয়েছেন ওমর।
ট্রাম্প লেখেন, “শপথ নেওয়ার সময় তিনি যেহেতু ভুয়া নাম ব্যবহার করেছেন, তাই আমার ধারণা, তার অবিলম্বে কংগ্রেস থেকে পদত্যাগ করা উচিত।”
মিনেসোটা অঙ্গরাজ্যের এই কংগ্রেস সদস্যের প্রকৃত নাম ‘ইলহান নুর সাইদ এলমি’ বলে দাবি করেন ট্রাম্প। নামটির শেষাংশ ওমরের সাবেক স্বামী আহমেদ নুর সাইদ এলমির নামের সঙ্গে মিলে যায়।
ট্রাম্প আরও দাবি করেন, ওমর প্রকাশ্যেই জালিয়াতির কথা স্বীকার করেছেন। এ কারণে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে তার আসন শূন্য ঘোষণা করার আহ্বান জানান তিনি।
তবে ইলহান ওমর এমন কোনো স্বীকারোক্তি দেননি। একই সঙ্গে তিনি জাল পরিচয় ব্যবহার করেছেন—এমন কোনো সিদ্ধান্তও আদালত দেননি।
ট্রাম্পের এই বক্তব্যের আগে গত ২১ অক্টোবর মার্কিন বিচার বিভাগ আদালতে একটি নথি জমা দেয়। ওয়াশিংটন ডিসিতে ওমরের বাসায় তল্লাশির সঙ্গে সংশ্লিষ্ট ওই নথিতে তার নাম লেখা হয়েছিল ‘ইলহান নুর সাইদ এলমি, ওরফে ইলহান আবদুল্লাহি ওমর’।
তবে বিকল্প নামটি ব্যবহারের কারণ ব্যাখ্যা করেননি সরকারি কৌঁসুলিরা। ওই নথিতেও ওমর জালিয়াতি করেছেন—এমন কোনো সিদ্ধান্তের কথা বলা হয়নি।
এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে ওমরের এক মুখপাত্র বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা। ইলহান ওমরই তার প্রকৃত নাম।”
কী নিয়ে তদন্ত চলছে?
অভিবাসন ও নাগরিকত্বসংক্রান্ত নথিতে সম্ভাব্য মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত ১২ অক্টোবর ওমরের বাসায় তল্লাশি চালান মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা।
২০০০ সালে মার্কিন নাগরিকত্ব পাওয়া ওমর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তাকে চাপে ফেলতে ও ভয় দেখাতে ট্রাম্প প্রশাসন এই তদন্তকে ব্যবহার করছে।



























