সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ৯ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প

ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প
ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে একটি বৈঠক হবে। বৈঠকটি বেশ কৌতূহলোদ্দীপক হবে।’

তিনি বলেন, ‘আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ অনেক বিষয় নিয়ে কথা বলব। পাশাপাশি ইরানের যুদ্ধ বন্ধের চেষ্টা নিয়েও আলোচনা হবে। আমরা এ ক্ষেত্রে ভালো করছি। কারণ, আমাদের যা করা প্রয়োজন, আমরা তা করে যাচ্ছি এবং ইরানকে কার্যত অবরুদ্ধ করে ফেলছি।’

ট্রাম্পের দাবি, ইরানের স্থলপথে সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে যুক্তরাষ্ট্রের নেওয়া ‘অপারেশন আয়রন গেট’ কার্যকর রয়েছে। এ অভিযানের মাধ্যমে ইরানে স্থলপথে কোনো কিছু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে নৌ অবরোধের কারণে জলপথেও সরবরাহ বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। বর্তমানে এর সদস্য ২১টি অর্থনীতি। সদস্যদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সংস্থাটির নেতারা প্রতিবছর সম্মেলনে মিলিত হয়ে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয়