রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ২৮ নভেম্বর ২০২৬

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭
ছবি: সংগৃহীত

মিয়ানমারের শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী একটি গ্রামে বিয়ের আয়োজন চলাকালে একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় বাস্তুচ্যুত বহু মানুষ বসবাস করেন। হামলার পর আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ভিডিও ধারণ করেন স্থানীয় এক প্রত্যক্ষদর্শী। তবে ভিডিও ও ছবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।

প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, হামলার আগে তিনি আকাশে বিমান উড়ে যাওয়ার শব্দ শুনতে পান। তবে তাদের এলাকায় হামলা হতে পারে, এমনটা ভাবেননি। পরে একটি বাড়ির ভেতরে অবস্থান করার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে এসে হামলাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন।

তিনি জানান, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল ওই বাড়িতে। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি এবং উদ্ধারকাজে সহযোগিতার চেষ্টা করেন। সেখানে গিয়ে ১৭ জনের মরদেহ ও বহু আহত মানুষ দেখতে পান বলে দাবি করেন ওই প্রত্যক্ষদর্শী।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের ধারণ করা কয়েকটি ছবিতে ছয়টি মরদেহের দৃশ্য পাওয়া গেছে। এসব মরদেহের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। তবে ছবিগুলোর সত্যতা এবং হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি এএফপি।

এ ঘটনায় বক্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর সঙ্গে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, সামরিক অভ্যুত্থানের পর থেকে সংঘাতের বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষে এক লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

মোয়ে বাই শহরটি বর্তমানে মিয়ানমারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে শহরের বাইরের গ্রাম ও প্রত্যন্ত এলাকাগুলোতে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয় উপস্থিতি রয়েছে। ফলে দীর্ঘদিন ধরেই অঞ্চলটিতে সংঘাত ও অস্থিরতা বিরাজ করছে।

সূত্র: এনডিটিভি