পুলিশে বড় রদবদল, ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়। এতে সই করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই জেলার আরেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে বদলি করা হয়েছে মাগুরায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নূরে আলমকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসআরবিতে পদায়ন করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তার লালমনিরহাটে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুরে বদলি করা হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, এসআরবির সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুকতারিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ৩০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।



























