‘শোন-অ্যারেস্ট’ নির্দেশনায় উদ্বেগ জানাল আসক
কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ নেওয়া এবং জামিনে মুক্ত ব্যক্তিদের আবারও অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশনা আইনের শাসনের পরিপন্থি—এমন মন্তব্য করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পুলিশের রাজশাহী রেঞ্জ পর্যায়ের একটি লিখিত নির্দেশনায় জামিনপ্রাপ্ত ব্যক্তিদের ‘দলকে শক্তিশালী বা সংগঠিত করার সক্ষমতা’ বিবেচনায় পুনরায় গ্রেফতার দেখানোর কথা বলা হয়েছে। আসকের মতে, এ ধরনের নির্দেশনা আইনের শাসন, ব্যক্তিস্বাধীনতা এবং ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।
বিবৃতিতে বলা হয়, কোনো নাগরিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ থাকলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তবে পূর্বধারণা বা পরিকল্পিতভাবে হয়রানির উদ্দেশ্যে পুনরায় গ্রেফতার দেখানো আইনি ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। পুলিশ কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের এখতিয়ার ও জবাবদিহির ভিত্তি কী—তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করে সংস্থাটি।
আসক আরও উল্লেখ করে, একটি নবনির্বাচিত সরকারের সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকারের সঙ্গে এমন পদক্ষেপ অসামঞ্জস্যপূর্ণ। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে—এই প্রেক্ষাপটে রাষ্ট্রের প্রতিটি বিভাগ, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সংবিধানসম্মত ও মানবাধিকারসম্মত আচরণের দায়বদ্ধতা আরও বেশি।
সংস্থাটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদ নাগরিকের স্বাধীনতা, ন্যায়বিচার ও আইনের সমান সুরক্ষা নিশ্চিত করার কথা বলে। অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি হলেও কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার এখতিয়ার কারও নেই।
বিবৃতিতে সংশ্লিষ্ট নির্দেশনার আইনি ভিত্তি অবিলম্বে জনসম্মুখে প্রকাশ, সব আদেশ ও প্রক্রিয়া পর্যালোচনা এবং সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি বেআইনি গ্রেফতার, হয়রানি বা ‘শ্যোন-অ্যারেস্ট’-এর মতো চর্চা বন্ধ করে নাগরিকের ন্যায়বিচার, ব্যক্তিস্বাধীনতা ও আইনের সমান সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় আসক।



























