স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার মিষ্টি সুবাসসহ দুজন রিমান্ডে
সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হওয়া মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই মামলায় অপর আসামি রফিকুল ইসলাম ওরফে দুর্জয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
এদিন আসামিদের আদালতে হাজির করা হলে আশুলিয়া থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান তাদের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে মিষ্টি সুবাসের দুই দিন এবং রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গেলে তাদের আটক করা হয়। পরবর্তীতে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২২–২৫ জন নেতাকর্মী স্মৃতিসৌধের মূল বেদির সামনে জড়ো হয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং উত্তেজনাকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমান-এর ছবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।



























