স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো করার চেষ্টা থাকবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার চেয়ে আরও ভালো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করবে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার প্রবণতা তুলনামূলক বেশি হওয়ায় বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।
তিনি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তবে কমিশনের অঙ্গীকারে কোনো ঘাটতি নেই। জাতীয় নির্বাচন যেভাবে আয়োজন করা হয়েছে, তার চেয়ে আরও ভালো নির্বাচন করার চেষ্টা থাকবে।
সিইসি বলেন, ‘জাতীয় নির্বাচনে যে স্ট্যান্ডার্ড আমরা তৈরি করেছি, তার নিচে তো আমরা যেতে পারি না। ওই স্ট্যান্ডার্ড থাকবেই। সম্ভব হলে তার চেয়েও ভালো নির্বাচন করার চেষ্টা করব। আমাদের কমিটমেন্টে কোনো ঘাটতি নেই।’
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। একই সঙ্গে কিছু আইন ও বিধি-বিধান সংশোধনের কাজও চলছে। কমিশনের পক্ষ থেকে সংশোধিত আইন ও বিধি-বিধানের খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রকিউরমেন্টসহ অন্যান্য আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হবে বলেও জানান তিনি।
নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন পরিচালনায় পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। তাই সরকারের সঙ্গে সমন্বয় করেই কমিশনকে এগোতে হবে।
তিনি বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। সেই সময়সীমা মাথায় রেখেই কমিশন কাজ করছে। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনও ৯০ দিনের মধ্যে আয়োজন করতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিইসি বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার মাত্রা কিছুটা বেশি হওয়ার বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে। এ কারণে পরিস্থিতি অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয়ভাবে মোতায়েন করা হবে।



























