মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ২৪ আগস্ট ২০২৬

জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : রিজভী

জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : রিজভী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দলের নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না। জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের প্রতিটি কাজ, কর্মকাণ্ড ও বাস্তবায়নাধীন কর্মসূচির ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করেছেন। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে সরকারের কর্মকাণ্ড ও কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করতে হবে।

রিজভী বলেন, ‘আপনারা অনৈতিক কাজে যুক্ত না হয়ে গঠনমূলক কাজে যুক্ত থাকবেন এবং দলকে শক্তিশালী করবেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার চেষ্টা করতে হবে।’

বিএনপির জনপ্রিয়তার পেছনে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এসব কর্মকাণ্ডই বিএনপির জনপ্রিয়তা বাড়িয়েছে।

তিনি আরও বলেন, তাদের সুযোগ্য পুত্র তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন কিছু কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। দলের নেতাকর্মীদের এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার পাশাপাশি তা জনগণের কাছে তুলে ধরতে হবে। এর মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা আরও বাড়বে।

সর্বশেষ

জনপ্রিয়