ইউএস ওপেনে আবারও র্যাকেট হাতে রজার ফেদেরার
২০২২ সালের সেপ্টেম্বরে টেনিস ক্যারিয়ারের ইতি টেনেছিলেন রজার ফেদেরার। বিদায়বেলায় চোখের পানিতে আবেগঘন হয়ে উঠেছিল তাঁর শেষ ম্যাচ। তবে অবসরের চার বছর পর আবারও টেনিস কোর্টে ফিরছেন সুইস এই কিংবদন্তি। এবার অবশ্য কোনো মূল প্রতিযোগিতায় নয়, ইউএস ওপেনের প্রদর্শনী ম্যাচে দেখা যাবে তাঁকে।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে ফেদেরার তাঁর ২০টি গ্র্যান্ড স্লামের মধ্যে পাঁচটি জিতেছেন। সেই প্রিয় কোর্টেই আবার র্যাকেট হাতে নামবেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা। আয়োজকরা নিশ্চিত করেছে, একটি নয়, দুটি প্রদর্শনী ম্যাচে খেলবেন তিনি।
রোববার ইউএস ওপেন কর্তৃপক্ষ ফেদেরারের ফেরার খবর নিশ্চিত করেছে। তাঁর সঙ্গে থাকছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ও ২০০৩ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন অ্যান্ডি রডিক এবং আরও দুই টেনিস লিজেন্ড আন্দ্রে আগাসি ও জন ম্যাকএনরো।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এক সন্ধ্যাতেই দুটি ম্যাচ খেলবেন ফেদেরার। প্রথম ম্যাচে এক সেটের লড়াইয়ে রডিকের মুখোমুখি হবেন তিনি। এরপর ম্যাকএনরোকে জুটি করে রডিক ও আগাসির বিপক্ষে খেলবেন ফেদেরার।
নিউইয়র্কে ফেরার আগে উচ্ছ্বাস প্রকাশ করে ফেদেরার বলেন, ‘নিউইয়র্কে ফেরার জন্য উন্মুখ হয়ে আছি। কয়েক বছর ধরে জমে থাকা বিশেষ স্মৃতির সঙ্গে এটিও যুক্ত হতে চলেছে। নিউইয়র্ক, শিগগিরই দেখা হচ্ছে।’
টেনিস থেকে বিদায় নেওয়ার চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে না হলেও কিংবদন্তিদের সঙ্গে একই কোর্টে ফেদেরারের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ইউএস ওপেনের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে।



























