মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ২৪ আগস্ট ২০২৬

সালমান শাহর প্রেম-উন্মাদনার গল্প ‘লাভ ৯৬’

সালমান শাহর প্রেম-উন্মাদনার গল্প ‘লাভ ৯৬’
ছবি: সংগৃহীত

ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের উন্মাদনা, আবেগ ও ভক্তদের পাগলামির গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটিতে উঠে এসেছে সালমান-ভক্তদের আবেগের পাশাপাশি হারিয়ে যাওয়া নব্বইয়ের দশকের নস্টালজিয়া।

সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। এর দুদিন আগে, আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে ‘লাভ ৯৬’ প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কাটছাঁটে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

নির্মাতা সূত্র জানিয়েছে, সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের কাছেও সিনেমাটির নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশককে পর্দায় তুলে ধরার বিষয়টি প্রশংসিত হয়েছে।

নির্মাতা ইভান মল্লিক বলেন, সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিতও হয়েছে। ফলে এতে বিতর্কিত কোনো বিষয় নেই। বরং সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে নতুন করে দেখার চেষ্টা করা হয়েছে।

সালমান শাহর ক্যারিয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নব্বইয়ের দশকের এক বিশেষ সময়। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ কিংবা ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে গান শোনার সেই সময়েই ঢালিউডে আবির্ভাব ঘটে সালমান শাহর।

১৯৯৬ সালে তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে শোকে স্তব্ধ করে দেয়। প্রিয় তারকার মৃত্যু মেনে নিতে না পেরে অনেক ভক্ত আত্মাহুতির পথও বেছে নিয়েছিলেন। সেই সময়ের আবেগ ও বাস্তবতার প্রেক্ষাপটেই এক অন্ধ সালমান-ভক্তের জীবনকাহিনি এবং তার অনুভূতিকে কেন্দ্র করে এগিয়েছে ‘লাভ ৯৬’-এর গল্প।

রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিন প্রযোজিত সিনেমাটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। এতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

সর্বশেষ

জনপ্রিয়