ডাবল সার্ভার বন্ধে বিমা কোম্পানিগুলোকে ছয় সপ্তাহ সময় দিল আইডিআরএ
বিমা খাতে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে গোপন বা অতিরিক্ত ‘ডাবল সার্ভার’ ব্যবহারের অবসান ঘটিয়ে সব তথ্য একীভূত করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ নির্দেশনা বাস্তবায়নে বিমা কোম্পানিগুলোকে ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি বলেন, অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকে দেওয়া তথ্য কোম্পানিগুলোর প্রকৃত চিত্র তুলে ধরে না। তাই তথ্য গোপনের সুযোগ আর থাকবে না।
শুক্রবার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, “গ্যারেজে কিংবা বিছানার নিচে সার্ভার লুকিয়ে রাখলেও তা শনাক্ত করা হবে। তথ্য গোপনের কোনো সুযোগ থাকবে না।”
তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিমা খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা (Risk-Based Supervision) চালু করা হবে। এছাড়া আগামী তিন থেকে চার মাসের মধ্যে চালু হবে অভিন্ন ‘ইউনিক পলিসি আইডি’, যা গ্রাহকসেবা ও তথ্য ব্যবস্থাপনাকে আরও সহজ ও স্বচ্ছ করবে।
মীর নাদিয়া নিভিন আরও জানান, সংকটে থাকা কয়েকটি বিমা কোম্পানির সম্পদ বিক্রি ও নগদায়নের মাধ্যমে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে সাত থেকে আটটি কোম্পানিকে এর আওতায় আনা হবে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বিমা খাতে তথ্য গোপনের পথ বন্ধ করা হবে। একই সঙ্গে আইডিআরএতে ঘুষ বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কোম্পানির বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।



























