রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নিউইয়র্ক সফরকালে তিনি একাধিক উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন। কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্ক ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর নিউইয়র্কের চার দিনের কর্মসূচিতে মোট ৩০টি সরকারি অনুষ্ঠান ছিল। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

এক প্রেস ব্রিফিংয়ে মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া ইউএনজিএর সাইডলাইনে চারটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন তিনি। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও আটটি উচ্চ পর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

তার অংশ নেওয়া কর্মসূচির মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠান।

জনপ্রিয়