আবু জাফরকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের নিন্দা
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’। একই সঙ্গে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে এভাবে আটক রাখা গণমাধ্যমের কণ্ঠরোধ এবং স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টির অপচেষ্টা। একটি রাজনৈতিক দলের পূর্বঘোষিত সভার সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন জ্যেষ্ঠ সাংবাদিককে আটকের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।
জানা গেছে, শনিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলছিল। সেখান থেকে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকে আটক করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ।
বিবৃতিতে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে আবু জাফর সূর্যকে মুক্তি দেওয়া না হলে তাঁর মুক্তির দাবিতে কঠোর আন্দোলনে নামা ছাড়া সাংবাদিকদের সামনে আর কোনো বিকল্প থাকবে না।



























