রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি

এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত

ইতালির সিসিলি দ্বীপের মাউন্ট এতনা আগ্নেয়গিরিতে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরি থেকে প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। এ কারণে কাতানিয়া বিমানবন্দরে সাময়িকভাবে আগমনকারী ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) অগ্ন্যুৎপাতের বিষয়টি জানায়। খবর আনাদোলুর।

অগ্ন্যুৎপাতের পর সিসিলির আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে বিমান অবতরণ ও উড্ডয়নে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগ্নেয় ছাইয়ের কারণে স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এর আগে পরিস্থিতি বিবেচনায় প্রতি ঘণ্টায় স্বাভাবিক ১২টি ফ্লাইটের পরিবর্তে সর্বোচ্চ চারটি বিমান অবতরণের অনুমতি দেওয়া হচ্ছিল।

অগ্ন্যুৎপাতের প্রভাবে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসো বিমানবন্দরে পাঠানো হয়। একই কারণে ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসো বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।

মাউন্ট এতনা ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এখানে প্রায়ই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। তবে এবারের অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ছাইয়ের মেঘ বিমান চলাচলে ঝুঁকি তৈরি করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান চলাচলে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়