রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬
রাজধানীতে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫২, ওয়ারীতে ৫২, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৯৯, মিরপুরে ১১৪, গুলশানে ৩৭, উত্তরা বিভাগে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৩ জন রয়েছেন।
অভিযানের সময় ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪ পিস ইয়াবা, দুটি সুইট গিয়ার, একটি ব্যানার, ছয়টি মুখোশ, ১১টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



























